খুনিদের গ্রেপ্তারের দাবি আদিবাসী ফোরামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলার দলইপাড়ার সিএনজিচালিত অটোরিকশাচালক শ্রীনন্দ পাত্র (২২) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরাম সিলেট বিভাগীয় শাখার সভাপতি গৌরাঙ্গ পাত্র, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মখলিসুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী প্রমুখ বক্তব্য দেন।
গত ২০ আগস্ট রাতে শ্রীনন্দ পাত্রের অটোরিকশা ভাড়া নিয়ে তাঁকে খুন করে লাশ হাওরে ফেলে দেয় দুর্বৃত্তরা। ঘটনার এক সপ্তাহ পর গত বুধবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের একটি হাওর থেকে শ্রীনন্দের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিলেট মহানগরের শাহ পরান থানায় শ্রীনন্দের ভাই বীরেন্দ্র পাত্র বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তানজিম আহমদ গত শুক্রবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।