সামিউল কবীর ওরফে জনম (২২) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। ময়মনসিংহ শহরে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে এলাকার পাঁচ শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। ছিল শিক্ষার্থীরাও।
পূর্বশত্রুতার জেরে গত শুক্রবার রাতে সামিউলকে কুপিয়ে জখম করা হয়। শনিবার ভোরে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি ময়মনসিংহ শহরের নয়াপাড়া এলাকায়। তিনি এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
অভিযোগ পাওয়া গেছে, একই এলাকার যমজ ভাই আকিব ও রাকিব এবং তাঁদের বাবা ও এক স্বজন সামিউলকে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় করা মামলা তুলে নিতে এখন চাপও দেওয়া হচ্ছে।
সামিউলের ওপর হামলার ঘটনায় শুক্রবার রাতেই তাঁর বাবা লিটন মিয়া ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ওই মামলায় দুই ভাই ছাড়াও তাঁদের কয়েকজন স্বজনকে আসামি করা হয়। পুলিশ তদন্তের স্বার্থে বাকি আসামিদের নাম প্রকাশ করেনি।
গতকাল বেলা ১১টায় শহরের নয়াপাড়া এলাকায় মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। দুপুর ১২টার দিকে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে চরপড়া মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হন।