খুনিদের গ্রেপ্তারের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আশ্রবপুর গ্রামের তিন মাসের শিশু শরীফা হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে দুই ভাগে বিভক্ত গ্রামবাসীর একাংশ। গতকাল শনিবার উপজেলার হারুয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালন করে তারা।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে আশ্রবপুর গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তাঁরা হত্যার অভিযোগে গ্রেপ্তার করা নিরপরাধ ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দিয়ে প্রকৃত খুনিদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসীর ব্যানারে শিশুটির হত্যাকারী হিসেবে আজিজুল হকসহ তাঁর পক্ষের তিনজনের নাম লিখে তাঁদের শাস্তি দাবি করেন। পরে তাঁরা মহাসড়ক অবরোধ করলে যানজটে আটকে পড়া যাত্রীদের অনুরোধে আধা ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের আজিজুল হক ও তাঁর চাচাতো ভাই নুর ইসলামের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে গত ২৭ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দায়ের কোপে আজিজুলের ভাই রফিকুল ইসলামের তিন মাস বয়সী মেয়ে শরীফা নিহত হয়। ২৮ সেপ্টেম্বর শরীফার মা বিউটি আক্তার ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই দিনই পুলিশ নুর ইসলাম পক্ষের চারজনকে গ্রেপ্তার করে। এরপর প্রথম মামলার অন্যতম অসামি অবদুর রাজ্জাকের স্ত্রী মিনা বেগমও বাদী হয়ে ময়মনসিংহ আদালতে আজিজুলসহ ওই পক্ষের ১৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বলেন, মিনা বেগমের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশের ভিত্তিতে শিগগিরই প্রকৃত খুনিদের খুঁজে বের করা হবে।