খুনিদের গ্রেপ্তারের দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী মর্জিনাকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। এডিডি ইন্টারন্যাশনালের উদ্যোগে কালিয়াকৈর থানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই মানববন্ধন হয়।মানববন্ধনে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা, প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ, কালিয়াকৈর প্রতিবন্ধী সংস্থা, লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেন। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তির প্ল্যাকার্ড ও পোস্টারে লেখা ছিল: মানসিক প্রতিবন্ধী নারী মর্জিনা হত্যার বিচার চাই, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করুন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহনশীলতা প্রদর্শন করুন এবং মানসিক অসুস্থ ব্যক্তিদের প্রতি নির্যাতন প্রতিরোধে আসুন রুখে দাঁড়াই।মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন এডিডি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত পরিচালক এস এম গোলাম মোস্তফা। বক্তব্য দেন এডিডির ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার ও মানববন্ধনের সমন্বয়কারী মাহবুবুর রহমান ভূঁইয়া, উপসমন্বয়কারী ফেরদৌসী বেগম, প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি নাছিমা বেগম, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবদুল হাই সিদ্দিকী প্রমুখ।কালিয়াকৈরের সিনাবহ এলাকায় ১৯ জানুয়ারি ‘ছেলেধরা’ সন্দেহে বুদ্ধিপ্রতিবন্ধী মর্জিনাকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। হত্যাকাণ্ডের ভিডিওচিত্র দেখে গত বৃহস্পতিবার রাতে সিনাবহ থেকে মিরাজ আলী ও হিটলার মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।