
চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা মোজাফফর আহমদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন হয়েছে।
চট্টগ্রাম নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে মোজাফফরের খুনিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
ব্যানারে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের নেতা আবু আহমেদ ভুঁইয়াকে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে অভিহিত করা হয়।
মোজাফফরের স্ত্রী শাহীন আক্তার, মা জাহানারা বেগমসহ তিন বোন, ভাইদের স্ত্রী ও আত্মীয়স্বজনেরা মানববন্ধনে অংশ নেন। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই কর্মসূচি চলে প্রায় আধা ঘণ্টা।
জমি নিয়ে বিরোধের জের ধরে গত বছরের ৪ অক্টোবর চন্দনাইশে মোজাফফর আহমদের বাড়ি গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ওই সময় হামলায় মোজাফফর গুরুতর আহত হন। গত বছরের ৯ অক্টোবর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আবু আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কিছু প্রভাবশালী ব্যক্তি আমার ভাবমূর্তি নষ্ট করতে মোজাফফরের পরিবারকে উসকে দিয়েছেন। এ কারণে তারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে।’