রংপুর জেলা ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক শাহীন আলম (৩০) দুর্বৃত্তদের হাতে খুনের ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।
গত রোববার রাতে নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে এক সংবাদ সম্মেলন করা হয়। এতে অভিযোগ করা হয়েছে, সন্ত্রাসীরা ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। সেই সঙ্গে মামলার বাদীকে হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার নগরে বিক্ষোভ, কাল বুধবার জেলা ও পুলিশ প্রশাসকের কার্যালয় ঘেরাও, স্মারকলিপি প্রদান, বৃহস্পতিবার নগরের পায়রা চত্বরে প্রতিবাদ সমাবেশ এবং ২৭ আগস্ট জেলার আট উপজেলায় বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহফুজ-উন-নবী বলেন, শাহীনকে পূর্বপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। মামলার স্বার্থে আসামিদের নাম প্রকাশে অনীহা প্রকাশ করেছেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে নগরের মেডিকেল পূর্ব গেটের বাড়ি থেকে গ্র্যান্ড মোড়ে শাহীনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তাঁর মৃত্যু হয়।