খুনিদের গ্রেপ্তারের দাবিতে তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।পুলিশ কয়েক দফা চেষ্টা চালিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। পরে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী বেলা একটার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, উপজেলার মদনপুর এলাকার মৃত শাহাজাহান মিয়ার ছেলে কম্পিউটার ব্যবসায়ী সেলিম সুলতান মাসুদ গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে বাড়ি আসার পথে নিখোঁজ হন। পরে তাঁর ব্যবহূত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি স্বজনেরা। গতকাল সকালে বন্দর উপজেলার মদনপুরের মুরাদপুর সড়কের পাশ থেকে নিখোঁজ সেলিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ খবর এলাকার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে সকাল ১০টার দিকে কয়েক হাজার লোক লাঠিসোঁটা নিয়ে ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় তারা সড়ক অবরোধ করে। তারা মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।এলাকাবাসী হত্যার ঘটনার জন্য স্থানীয় একটি স্পিনিং মিলের মালিক শিল্পপতি সুরুজ মিয়াকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। নিহত সেলিমের বড় ভাই ব্যবসায়ী সোহেল মিয়া সাংবাদিকদের জানান, ২০০৮ সালে ব্যবসায়ী দ্বন্দ্বের জের ধরে তাঁর বাবা শাহাজাহানকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সেসময় গুলিবিদ্ধ হয়েছিলেন তাঁর ছোট ভাই সেলিমও। বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর গতকাল সকালে তাঁর ছোট ভাইয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ব্যবসায়ী দ্বন্দের জের ধরে তাঁর বাবার হত্যাকারীরাই তাঁর ভাইকে খুন করেছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, নিহত ব্যক্তির শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ নরসিংদী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নিলে বেলা একটায় সড়কে যান চলাচল শুরু হয়েছে।