খুনিদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন মৌন মিছিল
মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) কার্যালয়ের সামনে এই মানববন্ধনে নারায়ণগঞ্জে কর্মরত্রবিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা অংশ নেন।এ সময় এনইউজের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কমিউনিস্ট পার্টির শহর কমিটির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সাংস্কৃতিক জোটের ভবানী শংকর রায়, খেলাঘরের রথীন চক্রবর্তী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি ওবায়েদউল্লাহ, মহিলা পরিষদের নেত্রী লক্ষ্মী চক্রবর্তী, সাংবাদিক হাসানুজ্জামান শামীম, এজাজ কোরেশী, শরীফউদ্দিন সবুজ, আবদুস সালাম, নাগরিক কমিটির নেতা আবদুর রহমান প্রমুখ।সভায় বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। ঘোষিত সময়ের মধ্যে খুনিরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা। পরে শহরে একটি মৌন মিছিল বের করা হয়।একই দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থা গতকাল শহরে মৌন মিছিল বের করে। পরে তারা সাংবাদিক দম্পতি হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে অনশন করে। এতে এনইউজের নেতারা একাত্মতা প্রকাশ করে তাদের অনশন ভঙ্গ করান।