খুনিদের গ্রেপ্তারের দাবিতে পৌরসভা সমিতির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনের হত্যাকারী ও খুনের পরি-কল্পনাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ পৌরসভা সমিতি।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন পৌরসভার প্রায় আড়াই শ মেয়র ও কাউন্সিলর অংশ নেন। তাঁরা লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশ পৌরসভা সমিতির ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক ও টঙ্গীর পৌর মেয়র আনিছুর রহমান বলেন, নিহত লোকমান সমিতির ঢাকা অঞ্চলের সভাপতি ছিলেন। লোকমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার সারা দেশের মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরের দাবি। তিনি খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে ছিলেন নিহত লোকমানের ছোট ভাই ও নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজও। তিনি প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত এজাহারভুক্ত একজন আসামি গ্রেপ্তার হয়েছে। সব আসামি গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।