জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তর সন্ধ্যাকালীন কোর্সের (এলএলএম) ছাত্র নাজিম উদ্দিনের খুনিদের কাল শনিবারের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। না হলে রোববার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা।
নাজিম উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এদিকে শাহবাগে নাজিম হত্যার প্রতিবাদে গতকাল গণজাগরণ মঞ্চ সমাবেশ ও মশাল মিছিল করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকাল নয়টার দিকে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা ছোট ছোট দলে ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করেন। এরপর তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনের জনসন সড়কের ওপর প্রায় ১৫টি টায়ার ও কাঠে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধ চলে বেলা দুইটা পর্যন্ত।
ক্লাস বর্জন করে সহপাঠীদের নিয়ে আন্দোলন করছিলেন বাংলা বিভাগের ছাত্র সাব্বির হোসেন। তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। তাই হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অর্থনীতির ছাত্র রুহুল আমিন প্রথম আলোকে বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার বিকেল তিনটায় শাহবাগে সংহতি সমাবেশ করা হবে। এ ছাড়া কাল শনিবারের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করলে আগামী রোববার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করা হবে।
গণজাগরণ মঞ্চ: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, তনু হত্যার বিচারের দাবিতে মানুষ যখন সোচ্চার, তখন লোকের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে একটি পক্ষ সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিম উদ্দিনের হত্যার প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল পূর্ব সমাবেশে ইমরান এসব কথা বলেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘একের পর এক হত্যাকাণ্ডের দায় আনসারুল্লাহ বাংলা, রহিম উদ্দিন-করিম উদ্দিনের নামে দিয়ে যাবেন, আর আমরা আপনাদের পড়ানো স্ক্রিপ্ট গলাধঃকরণ করব, তা আর হবে না। যারাই এই হত্যাকাণ্ডের পেছনে থাকুক না কেন, বিচার করতে হবে।’