কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ক্রিকেটার ফখরুল ইসলাম ওরফে টগর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে শিক্ষার্থীসহ এলাকাবাসী ও খেলোয়াড়েরা অংশ নেন। সমাবেশ শেষে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।দুপুরে গুরুদয়াল সরকারি কলেজ ক্যাম্পাস থেকে জাগ্রত ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ হয়। সমাবেশে টগরের বাবা শাহ নজরুল ইসলাম ফকির বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। মামলা তুলে নেওয়ার জন্য আসামিসহ প্রভাবশালী মহল তাঁকে হুমকি দিচ্ছে।সমাবেশ শেষে জেলা প্রশাসক মো. শাহ কামালের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় খুনিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। একই দাবিতে পুলিশ সুপার মীর রেজাউল আলমের সঙ্গেও দেখা করেন বিক্ষোভকারী ব্যক্তিরা।ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র এবং কিশোরগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড় টগর ৩ মার্চ শহরের হারুয়া এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনায় ৫ মার্চ ১২ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মামলা হয়েছে।