খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে কলেজছাত্র নবীর হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। রোববার বিকেল চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ বিক্ষোভ করা হয়। এদিকে, হত্যাকাণ্ডের চার দিন পরও পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের সঙ্গে আসামিদের সখ্য থাকায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা নবীর হোসেনকে তাঁর ঘরে জবাই করে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী জানান, রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ সানারপাড় এলাকায় পৌঁছালে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় এলাকাবাসী প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পরে বিক্ষোভ মিছিলটি সানারপাড়, বাঘমারা, নিমাইকাশারীসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে লাশ সানারপাড় হাইস্কুল মাঠে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে তাঁকে শুকরসী কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের মা নুরুন্নাহার বাদী হয়ে সানারপাড় এলাকার ইসলাম, খোকন, আলাউদ্দিন, সামছুসহ ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। তবে হত্যাকাণ্ডের চার দিন পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পরেনি। মামলার বাদী জানান, পুলিশের সঙ্গে আসামিপক্ষের সখ্য থাকায় পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, নবীর হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।