খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মামলা দায়ের
নারায়ণগঞ্জে স্কুলছাত্র সিয়াম আহমেদ (১০) হত্যার ঘটনায় গতকাল রোববার সকালে মামলা হয়েছে। খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুপুরে সিয়ামের শিক্ষক, সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ সময় তারা কালো ব্যাজ ধারণ করে।
সিয়াম সদর উপজেলার ফতুল্লার মাসদাইরের মোস্তফা মাদবরের ছেলে। সে একই এলাকার আদর্শ স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ত।
গতকাল মানববন্ধনের সময় আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, ‘আমাদের এক কোলের শিশু ঝরে পড়েছে। সিয়ামের খুনের ঘটনায় পুরো স্কুলে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমরা সিয়ামের হত্যাকারীদের বিচার চাই।’
এদিকে সকালে সিয়ামের বাবা মোস্তফা মাদবর মাসদাইর এলাকার মেহেদী মণ্ডলকে (২০) আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আলম সাংবাদিকদের জানান, গত শনিবার সকালে মুন্সিগঞ্জের হাতিমারা এলাকায় সিয়ামের লাশ পাওয়া যায়। এজাহারে বলা হয়েছে, পূর্বশত্রুতার জের ধরে মেহেদী মণ্ডল সিয়ামকে হত্যা করতে পারেন।