খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ
সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব শাইখ নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে আহলে সুন্নাত ওয়াল জমায়াত, ইসলামী ফ্রন্ট ও গাউসিয়া কমিটি। এরপর চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে তারা। একই সময়ে নগরের মুরাদপুর-অক্সিজেন সড়কটি আধা ঘণ্টা অবরোধ করে রাখেন ষোলশহর সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।
চট্টগ্রাম প্রেসক্লাবের সমাবেশ থেকে ফারুকীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। আজ শনিবার বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন বক্তারা। গাউসিয়া কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন।
গতকাল জুমার নামাজ আদায় করে আহলে সুন্নাত ওয়াল জমায়াত, ইসলামী ফ্রন্ট ও গাউসিয়া কমিটির শত শত সমর্থক জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে মিছিল বের করেন। মিছিলটি কাজীর দেউড়ি হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের দিকে যায়। মিছিলকারীরা ফারুকীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিচ্ছিলেন।
প্রেসক্লাবের সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ওয়াহাবি-মওদুদী-লা-মাজহাবিদের ভ্রান্ত মতবাদ ও ষড়যন্ত্র উন্মোচিত হয়ে পড়ার কারণে ফারুকী সাহেবকে হত্যা করা হয়। জঙ্গি ও ওয়াহাবিদের সঙ্গে আকিদা ও আদর্শের দ্বন্দ্ব চলে আসছিল। টিভি চ্যানেলে ফারুকী সাহেব জঙ্গিবাদীদের বিরুদ্ধে কথা বলে আসছিলেন, যে কারণে জঙ্গিদের অপ্রতিরোধ্য রাস্তা ক্রমেই বন্ধ হয়ে আসছিল।
সমাবেশে উপস্থিত ছিলেন মঈনুদ্দিন আল হাসনী, গাজী সালাহউদ্দিন, জসিমউদ্দিন ভূঁইয়া, শাহ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
এদিকে ফারুকী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বাদ জুমা নগরের মুরাদপুর-অক্সিজেন সড়কটি প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন ষোলশহর সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। আধা ঘণ্টা পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে অক্সিজেন মোড়ের দিকে চলে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তাঁরা আবার মাদ্রাসা ক্যাম্পাসে ফিরে আসেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘ষোলশহর মাদ্রাসার কয়েক শ শিক্ষার্থী রাস্তা অবরোধ করলে আমরা নিরাপত্তার কারণে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিই। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে অক্সিজেন মোড়ের দিকে চলে যায়। এরপর গাড়ি চলা স্বাভাবিক হয়ে আসে।’