খুনিদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় জাহিদুল ইসলামের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার ব্যবসায়ীরা অর্ধদিবস হরতাল পালন করছেন। একই দাবিতে তাঁরা আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালনেরও ডাক দিয়েছেন।ব্যবসায়ী সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলবে। হরতাল চলাকালে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করা হবে। এর পরও হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামী সোমবার নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। ২১ ডিসেম্বর এক সমাবেশের মাধ্যমে আন্দোলনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন বলেন, ‘আমাদের দাবি, জাহিদের হত্যাকারীদের অর্থ ও অস্ত্রসহ গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করতে হবে। আজ অর্ধদিবস হরতালের পরও যদি পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে আগামী সোমবার আমরা সকাল-সন্ধ্যা হরতাল পালন করব।’অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘নিহত জাহিদের সঙ্গে থাকা দিলীপ মণ্ডলের তথ্যানুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে ১৫ ডিসেম্বর আটক করা হয়েছে। এঁরা হলেন—উপজেলার মাগুরা গ্রামের সমীর মণ্ডল (৩৫), নওয়াপাড়া গ্রামের শাহ আলম (২৩) এবং ভূগিলহাট গ্রামের রিপন আহমেদ (২৬)। এর মধ্যে সমীর মণ্ডল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহূত মোটরসাইকেল দুটিও জব্দ করা হয়েছে। হত্যায় নেতৃত্বদানকারীকে আমরা শনাক্ত করতে পেরেছি।’১৩ ডিসেম্বর দুপুরে নওয়াপাড়ায় বিএল কলেজের ছাত্র এবং স্থানীয় একটি সার ও সিমেন্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানের খণ্ডকালীন কর্মচারী জাহিদুল ইসলাম ইসলামী ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা উত্তোলন করে স্টেশন বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। পথে উত্তরা ব্যাংকের সামনে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে ওই পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। জাহিদুল ইসলামের বাবা আবদুল গফফার বিশ্বাস বাদী হয়ে ১৪ ডিসেম্বর অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন।