খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ব্লগার, লেখক ও ব্যাংকার অনন্ত বিজয় দাশের (৩২) খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করেছেন সংস্কৃতিকর্মীরা।

গতকাল বুধবার বিকেলে জগন্নাথপুর শহরের পৌর পয়েন্টে এ মানববন্ধন ও সমাবেশ হয়। এতে সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
বিকেল চারটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সংস্কৃতিকর্মী প্রণব কুমার বণিকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, সংস্কৃতিকর্মী সাফরোজ ইসলাম, দীপক কুমার দে, মুজিবুর রহমান, সুহানুর রহমান, ইব্রাহিম আলী, আকমল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে একের পর এক মেধাবী মুক্তমনা তরুণ লেখকদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এতে মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার চর্চায় নতুন প্রজন্ম আগ্রহ হারিয়ে ফেলবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশে উগ্র জঙ্গিবাদের ঠাঁই হতে পারে না। অনন্ত বিজয় দাশের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।