খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে খুনিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
গত শুক্রবার কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলাকালে কাছের একটি চায়ের দোকানে বসে থাকা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুলকে কুপিয়ে হত্যা করা হয়। তাঁর বড় ভাই মো. মোতালেব গত রোববার হত্যা মামলা করেছেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও কালো পতাকা মিছিলে অংশ নেন নিহত ব্যক্তির স্বজন, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন। মানববন্ধনে রফিকুলের স্ত্রী রতনা ইসলাম বলেন, ‘আমার স্বামী ঘরবাড়ি ছেড়ে দলের জন্য কাজ করতেন। কেন তাঁকে নৃশংসভাবে প্রকাশ্যে খুন করা হলো?...খুনিরা কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে?’ খুনিদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান শরীফ, যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, নিহত ব্যক্তির বড় ভাই মো. মোতালেব প্রমুখ।