চট্টগ্রামের সন্দ্বীপে স্কুলছাত্রীকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। এদিকে ওই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে।
গত সোমবার সন্দ্বীপ পৌরসভার একটি ডোবা থেকে রহমতপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তকারী চিকিৎসক প্রথম আলোকে জানিয়েছেন, ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে।
গতকাল দুপুরে উপজেলা কমপ্লেক্স চত্বরে আয়োজিত মানববন্ধনে রহমতপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচি থেকে রহমতপুর উচ্চবিদ্যালয়ে সাত দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়। শোক কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন। ঘটনার প্রতিবাদে গতকালও স্কুলে কালো পতাকা উত্তোলন করা হয়।
গতকাল সকালে স্কুল চত্বর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা হেঁটে উপজেলা কমপ্লেক্স চত্বরে এসে মানববন্ধন করেন। মানববন্ধনে অন্যান্য স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় মানুষ অংশ নেয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মশিউর রহমান, প্রধান শিক্ষক মো. জাফর উল্লাহ, স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক আবুল কালাম আজাদ।
মানববন্ধনে বক্তারা সুমাইয়ার হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। তাঁরা সন্দ্বীপে স্কুলছাত্রীদের আসা-যাওয়ার পথে নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেওয়া হয়।
এদিকে সুমাইয়ার মা পারভীন আকতার গত সোমবার রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সন্দ্বীপ থানায় হত্যা মামলা করেছেন। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।