শরীয়তপুরের ভেদরগঞ্জে কিশোরী সাবিনাকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় মহিলা সংস্থা, মহিলাবিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস চোকদারকান্দি গ্রামের রব গাজীর মেয়ে সাবিনাকে (১৭) গত ২ নভেম্বর গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় একই গ্রামের কাদির চোকদারের ছেলে কালা মিয়া চোকদার এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ সাবিনার পরিবারের। এ ঘটনায় সাবিনার ভাই শাহজাহান গাজী বাদী হয়ে সখিপুর থানায় কালা মিয়া চোকদার, তাঁর মা শানু বেগম, ভগ্নিপতি জমির জমাদ্দার ও আলমগীর মালকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ জমির জমাদ্দারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। বাকি আসামিরা পলাতক।
মানববন্ধন কর্মসূচিতে সাবিনার পরিবারের সদস্যরা অংশ নেন। তাঁরা সাবিনার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
সাবিনার ভাই শাহজাহান গাজী বলেন, ‘আমার বোনের বিয়ের বয়স হয়নি, তাই বিয়ে দিতে রাজি ছিলাম না। কালা মিয়া বোনকে অনেক বিরক্ত করত। বিষয়টি আমরা এলাকার মুরব্বিদের জানাই। তাই সে ক্ষুব্ধ হয়ে হত্যা করেছে। পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি। মামলা তুলে নেওয়ার জন্য তার আত্মীয়স্বজনেরা আমাদের হুমকি দিচ্ছে।’
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক আকন্দ বলেন, ‘সাবিনা হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি আমার জানা নেই।’