যশোর শহরের শংকরপুর এলাকার মুদি ব্যবসায়ী ইয়াসিন পাটোয়ারীর হত্যাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে শহরে মিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন মিছিল নিয়ে কোতোয়ালি থানা ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন। তাঁরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ সুপারের কাছে ওই দাবি জানান। যশোর পৌরসভার কাউন্সিলর জুলফিকার আলী জানান, ৭২ ঘণ্টার মধ্যে ইয়াসিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এ সময়ের মধ্যে পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। কোতোয়ালি থানার ওসি আশরাফ হোসেন বলেন, এজাহারভুক্ত আসামিদের মধ্যে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিক্ষোভকারীদের আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। গত বুধবার দুপুরে শংকরপুর এলাকার ইয়াসিন পাটোয়ারী (১৯) নামের একজন মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাবলু পাটোয়ারী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে স্থানীয় পাঁচজনকে আসামি করা হয়েছে।