খুনিদের গ্রেপ্তারের দাবিতে রংপুরে ডিসি কার্যালয় ঘেরাও

রংপুর শহরের খটখটিয়া এলাকায় শিক্ষার্থী ফরিদুল হাসানের (২০) খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে। এ সময় কাচারি বাজারের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই ঘেরাওয়ের সময় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা কমিটির এক সভা চলছিল। এ সভায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু উপস্থিত ছিলেন।
বিক্ষোভ চলাকালে একটার দিকে আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে মেয়র ঝন্টু নেমে এসে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করবেন।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সন্ত্রাসীরা পালিয়ে থাকায় তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে নগরের খটখটিয়া এলাকায় গত বছরের ২৩ ডিসেম্বর মজিবর রহমানের ছেলে ফরিদুল হাসানকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। পরে চিকিত্সাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিনই তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই নাজমুল হাসান বাদী হয়ে আমিনুর, হেলাল, বেলাল, দুলাল, লিমন, শহিদুল, লায়লা, আরেফা ও রেহানা খাতুনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।