চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তালুকদারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন, প্রতিবাদ সভা ও মিছিল হয়েছে।
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রানীরহাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। কর্মসূচি চলাকালে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে।
রানীরহাট বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী, ইকবাল হোসেন চৌধুরী, ইউসুফ চৌধুরী ও খালেদ মঞ্জু।
ব্যবসায়ীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গত বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে নিহত জাহাঙ্গীরের খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে পুরো রাঙ্গুনিয়া অচল করে দেওয়া হবে।