নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলছাত্র কাজী ফয়সাল হত্যার রহস্য উদ্ঘাটন ও প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন-ঘোড়াশাল সড়কের পাইস্কা এলাকায় মোস্তফা একাডেমির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ফয়সাল (৭) মোস্তফা একাডেমির নার্সারি শাখার শিক্ষার্থী ছিল।
স্থানীয় গণবাংলা উচ্চবিদ্যালয়, পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন, ফুলকলি কিন্ডারগার্টেন, সবুজছায়া কিন্ডারগার্টেনের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে মোস্তফা একাডেমির ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন ভোলাব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আশকারী, ইউপি সদস্য এমরান হোসেন, মোস্তফা একাডেমির প্রধান শিক্ষক কাজী নান্নু, গণবাংলা স্কুলের প্রধান শিক্ষক সফিউল্লাহ প্রমুখ।
কাজী রেজাউল করিম বলেন, কাজী ফয়সালকে হত্যার প্রকৃত কারণ ও হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া নিরীহ লোকদের হয়রানি বন্ধ করতে হবে। এ জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও রূপগঞ্জ থানার কাঞ্চন ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. তছলিম উদ্দিন বলেন, ‘আমরা শিশু কাজী ফয়সাল হত্যার প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য কাজ করে যাচ্ছি। কয়েকজন আমাদের নজরদারিতে আছেন। তদন্তের স্বার্থে পুলিশ এখনো কোনো অ্যাকশন (ব্যবস্থা) নেয়নি। আশা করি, কয়েক দিনের মধ্যে প্রকৃত হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা যাবে।’
৫ আগস্ট পাইস্কা বাসুন্দা এলাকার কাজী ইলিয়াছের ছেলে ও স্থানীয় মোস্তফা একাডেমি নার্সারি শাখার শিক্ষার্থী কাজী ফয়সাল বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে ৮ আগস্ট দুপুরে পাইস্কা কবরস্থানের পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে ফয়সালের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় জখমের চিহ্ন ছিল। ঘটনার রাতেই ফয়সালের বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেন।