ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরীর খুনিদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
গতকাল সোমবার কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কোন্ডার দোলেশ্বর এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানান।
সভায় নিহত ব্যক্তিরর ছেলে ফারুক চৌধুরী বলেন, ‘কোন্ডা এলাকায় আমার বাবার জনপ্রিয়তা ছিল বিধায় দুষ্কৃতকারীরা আমার বাবাকে হত্যা করেছে। অবিলম্বে আমার বাবার প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।’
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে মূল হত্যাকারীদের গ্রেপ্তার করা হোক।
কোন্ডা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, কোন্ডা ইউপির সদস্য গুলশানা আরা প্রমুখ।
১১ ডিসেম্বর কোন্ডা ইউনিয়নের ১০ শস্যাবিশিষ্ট হাসপাতালের পেছনের একটি কাশবন থেকে আতিক উল্লাহর হাত বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতআতিক উল্লাহর ছেলে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ মাত্র একজনকে গ্রেপ্তার করেছে।