রংপুরে বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি আবদুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শ্রমিক লীগের নেতারা। এ সময়ের মধ্যে তাঁদের দাবি বাস্তবায়ন না হলে বিভাগের আট জেলায় কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন তাঁরা।গতকাল বৃহস্পতিবার রংপুর শহরের শাপলা চত্বরে অবস্থিত বিদ্যুৎ শ্রমিক লীগের কার্যালয়ে এক সভায় সংগঠনের নেতারা এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি রহমত আলী। এ ছাড়া জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. গাহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শ্রমিক লীগের নেতারা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, রংপুর বিদ্যুৎ কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক ও শ্রমিক লীগের নেতা আবদুর রহমানের খুন হওয়ার প্রায় দেড় মাস হতে চলছে। কিন্তু এখনো পর্যন্ত এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যাকারীদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সভায় সংগঠনের নেতারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে রংপুর বিভাগের আট জেলায় কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে বলে হুমকি দেন।উল্লেখ্য, গত ১৭ মার্চ জেলার মিঠাপুকুর উপজেলার একটি ধানখেত থেকে আবদুর রহমানের মরদেহ উদ্ধার হয়।মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।