খুনিদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের অ্যালফাবেট কিন্ডারগার্টেনের প্লে গ্রুপের ছাত্র গাজী মাহিয়ান তাসিনের (৫) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার শহরে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
অ্যালফাবেট কিন্ডারগার্টেনসহ পৌর শহরের আটটি শিক্ষাপ্রতিষ্ঠান এর আয়োজন করে। সকাল সাড়ে ১০টার দিকে অ্যালফাবেট কিন্ডারগার্টেন থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। বেলা ১১টার দিকে তাঁরা কলাপাড়া প্রেসক্লাবের সামনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক মোস্তফা জামান, শিশু সংগঠক আতিকুর রহমান প্রমুখ।
নিহত শিশুর বাবা গাজী মজিবুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের ১৮ দিনেও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে না পারায় আমি হতাশ হয়ে পড়েছি। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার করা না হলে সমাজে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমি আগামী এক সপ্তাহের মধ্যে হত্যার রহস্য বের করার দাবি জানাই।’
৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের রহমতপুর এলাকার নিজ বাড়ি থেকে তাসিন নিখোঁজ হয়। পাঁচ ঘণ্টা পর বাড়ির পেছনের পুকুরপাড়ে তার রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন তাসিনের বাবা থানায় মামলা করেন। পুলিশ ১১ ফেব্রুয়ারি তাসিনের চাচি লাভলী বেগমকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, লাভলী বেগমকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। কোনো তথ্য পাওয়া যায়নি।