খুনিদের গ্রেপ্তারের দাবিতে হরতাল পালন, আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুরে ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনার প্রতিবাদে এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার হরতাল, মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়েছে। দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতি, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের ডাকে গতকাল এসব কর্মসূচি পালিত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।
সকালে স্থানীয় সাংসদ ছবি বিশ্বাসের নেতৃত্বে শহরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করা হয়। শহরের কালীবাড়ি মোড় থেকে এমপি মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন করা হয়।
সাংসদ ছবি বিশ্বাস বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে বলা হয়েছে।
এর আগে গত শনিবার সকালে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। স্থানীয় শহীদ সন্তোষ পার্কের সামনের সড়কে ওই সব কর্মসূচি পালিত হয়। সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রেমন্ড আরেং-এর সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অরবিন্দ শেখর রায় প্রমুখ।
এদিকে হত্যার রহস্য উদ্ঘাটনে গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দোকানের কর্মচারী, গৃহপরিচালিকাসহ ১০ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা হয়নি। মামলা হলে বিষয়টি আরও পরিষ্কার হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও দুর্গাপুর পৌর শহরের মধ্য বাজার এলাকার নিজ বাসায় গত শুক্রবার সুবর্ণা প্লাজা ও সুবর্ণা বস্ত্রালয়ের মালিক অরুণ কুমার সাহা (৭৪) ও তাঁর স্ত্রী হেনা রানী সাহা (৬৫) খুন হন।