সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার অনশন শেষ করেছেন পরিবেশবাদী সংগঠন নির্ভীক-এর প্রধান সমন্বয়কারী ও শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল।গতকাল রোববার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান পানি পান করিয়ে এ টি এম কামালের অনশন ভাঙান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন বিটু, সাংবাদিক শরীফউদ্দিন সবুজ, রফিকুল ইসলাম, এম এ খান মিঠু, তানভীর হোসেন, এজাজ কোরেশী, শরীফ সুমন ও এ টি এম কামালের মা শাহানারা বেগম।এ সময় বিশিষ্টজনেরা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের ৫৪ দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। সরকারের সদিচ্ছার অভাবেই এ হত্যাকাণ্ডের মামলার কোনো অগ্রগতি হচ্ছে না। সরকারের সদিচ্ছা থাকলে এত দিনে খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হতো। তাঁরা এ ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।