বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক ছয় খুনিকে দেশে আনতে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। এ জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে যাচ্ছে।আইনমন্ত্রী শফিক আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল রোববার পৃথক সভায় এ কথা বলেন।সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পলাতক আসামিদের ফিরিয়ে না আনলে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে না। তাঁদের ফিরিয়ে আনতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি করা হবে।গতকাল আওয়ামী যুব আইনজীবী পরিষদ আয়োজিত নবীন আইনজীবীদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বিদেশে পলাতক ছয় আসামিকে দেশে আনার চেষ্টা চলছে। এ ব্যাপারে দলীয় নেতা-কর্মী ও দেশবাসীকে কিছুদিন অপেক্ষা করার আহ্বান জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার শুরুর প্রস্তুতি শেষ পর্যায়ে। শিগগিরই বিচারকাজ শুরু হবে।ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহ্বায়ক এ কে এম তৌহীদুর রহমান। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মোখলেসুর রহমান, মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু, মো. শাহ আলম প্রমুখ বক্তব্য দেন।