বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে এ দাবি তোলা হয়।আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এসব কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল: খতমে কোরআন, আলোচনা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত। নগরের দারুল ফজল মার্কেট, মুসলিম হল, আন্দরকিল্লা, ষোলশহরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় আওয়ামী লীগের নেতারা বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর ঘাতকদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান।নগর আওয়ামী লীগ: সকালে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি সুনীল সরকার, আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন, শ্রমিক লীগের নেতা শফর আলী, যুবলীগের সভাপতি চন্দন ধর, সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ। চট্টগ্রাম সিটি করপোরেশন: সকালে সিটি করপোরেশন মিলনায়তনে খতমে কোরআন, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। প্যানেল মেয়র মোহাম্মদ হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন। জামেয়া আহমদিয় সুন্নিয়া আলিয়া: ষোলশহর জামেয়া ময়দানে আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী। আলোচনায় অংশ নেন সোলেমান আনছারী, রেজাউল করিম, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ মঈনুদ্দীন, তারেকুল ইসলাম, মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ। এ ছাড়া বঙ্গবন্ধু ছাত্রপরিষদ বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন ও দরিদ্রদের মধ্যে ইফতারি বিতরণ করে। অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে এবং শোক দিবস উপলক্ষে প্রবন্ধ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।