মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ওষুধ ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। কুণ্ডের বাজার এলাকায় গতকাল শনিবার এসব কর্মসূচি পালন করা হয়।
৭ আগস্ট উপজেলার বেতকা ইউনিয়নের কুণ্ডের বাজারের দেওয়ান ফার্মেসির মালিক মোয়াজ্জেম হোসেন খুন হন। ওই দিন রাতে মোয়াজ্জেমের গলা কাটা লাশ বাজারসংলগ্ন সড়ক থেকে উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হত্যাকাণ্ডের প্রতিবাদে ওই ইউনিয়নের কয়েক শ মানুষ গতকাল কুণ্ডের বাজারে দিঘিরপাড়-মুক্তারপুর-ঢাকা সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা সেখানে মানববন্ধন করেন। পরে কুণ্ডের বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বেতকা চৌরাস্তা ও বাজার হয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়। বেলা তিনটায় এ কর্মসূচি চলার সময় সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন।
উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত খান, ইউপি সদস্য মনির হোসেন, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়নাল সেখ, আওলাদ কাজী, মুক্তার হোসেন দেওয়ান, মোয়াজ্জেমের বাবা জুলহাস দেওয়ান প্রমুখ। বক্তারা বলেন, একটি মহল খুনিদের বাঁচানোর পাঁয়তারা করছে। এই মহলটি বেতকা ইউনিয়নে জুয়া, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত।