খুনিদের ফাঁসির দাবিতে আন্দোলনে ছাত্র-শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর আইডিয়েল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র শেখ রায়হান আহমদের খুনিদের ফাঁসির দাবিতে গতকাল রোববার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন।
রায়হান আহমদকে হত্যার প্রতিবাদে রাজনগর আইডিয়েল হাইস্কুলের শিক্ষার্থীরা তিন দিনের কর্মসূচি হিসেবে গতকাল মানববন্ধনের ঘোষণা দেয়। তাদের কর্মসূচির সঙ্গে কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-ছাত্র ও অভিভাবকেরা একাত্মতা প্রকাশ করেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে আইডিয়েল হাইস্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করলে তাদের সঙ্গে যোগ দেয় রাজনগর পোর্টিয়াস উচ্চবিদ্যালয়, মেহেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় ও মোহাম্মদীয় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন শেখ রায়হানের গ্রাম দক্ষিণ খারপাড়াবাসী।
এ সময় রাজনগর আইডিয়েল হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেওয়ান মিছবাহুল মজিদের সভাপতিত্বে বক্তব্য দেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দোহা, রাজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক, মাওলানা মুফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, রাজনগর ডিগ্রি কলেজের শিক্ষক শাহনারা রুবি, মুক্তিযোদ্ধা সংসদ রাজনগর উপজেলা কমান্ডার সজল চক্রবর্তী, টেংরা ইউপির সদস্য মাহমুদুর রহমান প্রমুখ।