খুনিদের ফাঁসির রায় কার্যকরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের ষষ্ঠবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ মাহফিল, গণভোজ এবং জেলা শহরে দলীয় কার্যালয়, হায়দরাবাদে মরহুমের বাড়ি ও টঙ্গীর নোয়াগাঁওয়ে স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় বক্তারা খুনিদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।হায়দরাবাদে আয়োজিত স্মরণসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বেপরোয়া ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রসঙ্গে বলেন, ‘এদের প্রশ্রয় দেওয়া হবে না, কেউ প্রশ্রয় দেবেন না। এরা দেশ, জাতি ও দলের শত্রু।’ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ধৈর্য হারাবেন না। ভুল হতে পারে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটমেন্টের ঘাটতি নেই। সাহস ও ধৈর্য দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, হুইপ নূর-এ আলম চৌধুরী, সাংসদ মেহের আফরোজ, শাহ আলম, ওয়ারেসাত হোসেন, শামসুল হক চৌধুরী, আবদুল মান্নান, আহসানউল্লাহ মাস্টারের ছেলে সাংসদ জাহিদ আহসান রাসেল প্রমুখ। সভায় বক্তারা আহসানউল্লাহ মাস্টারের খুনিদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।গতকাল সকাল থেকেই মরহুমের হায়দরাবাদের গ্রামের বাড়িতে মানুষের ঢল নামে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশার লোকজন সেখানে যান। জেলার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গীতে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আহসানউল্লাহ মাস্টার।