খুনিদের ফিরিয়ে আনার দাবি
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবির মধ্য দিয়ে গতকাল রোববার পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোকযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।রাজশাহী: মহানগর আওয়ামী লীগ সকালে নগরের কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু করে। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা দলীয় নেতা-কর্মীদের নিয়ে কুমারপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট সকালে নগরে শোকযাত্রা বের করে।খুলনা: সকাল সাতটায় নগরের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল আটটায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে নগরে শোকযাত্রা এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।বরিশাল: সকাল ছয়টায় নগরের সোহেল চত্বরে জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগ শোক দিবসের কর্মসূচির সূচনা করে। সকাল সাড়ে আটটায় অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধু ও কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এর আগে সকালে লেখক সৈয়দ শামসুল হক, সিটি মেয়র শওকত হোসেন, সাংসদ তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে শোকযাত্রা বের করা হয়।রংপুর: বিভাগীয় কমিশনারের উদ্যোগে সকাল আটটায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর একটি শোকযাত্রা বের হয়। টাউন হলে জেলা প্রশাসক বি এম এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ।ফরিদপুর: সকাল আটটায় স্থানীয় অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির প্রমুখ। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় শোকযাত্রা এবং পরে কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।কুমিল্লা: সকাল ১০টায় দলীয় কার্যালয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও হুইপ মো. মুজিবুল হক। এ সময় দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।বগুড়া: জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দিনব্যাপী কোরআনখানি ও শোকযাত্রা বের করা হয়। পরে শহরের সাতমাথায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ শহরের সাতমাথায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও শোকযাত্রার আয়োজন করে। পটুয়াখালী: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন এবং সকাল নয়টায় সার্কিট হাউস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন। পরে প্রশাসনের বিভিন্ন দপ্তর, পটুয়াখালী প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। নাটোর: জেলা প্রশাসন সকালে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করে। আলোচনা সভায় জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান, সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ প্রমুখ বক্তব্য দেন। নড়াইল: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোকযাত্রা বের হয়ে সদর উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ ও মহাজোটের শরিক দলের নেতারা।কুষ্টিয়া: সকালে একটি শোকযাত্রা শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনায় মিলিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী।জয়পুরহাট: জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গার্ড অব অনার ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন শোকযাত্রা বের করে।চুয়াডাঙ্গা: সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে একটি শোকযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমন্ত টাউন হলে সভায় মিলিত হয়। জেলা প্রশাসক ভোলানাথ দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার।ঠাকুরগাঁও: সকালে জেলা পরিষদ মিলনায়তনে কবিতা পাঠ, রচনা, চিত্রাঙ্কন, হাম ও নাত প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিশু একাডেমী এবং দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আওয়ামী লীগ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলনসহ দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করে।সাতক্ষীরা: জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘শোককে শক্তিতে পরিণত করি, রূপকল্প ২০২১ বাস্তবায়ন করি’—এই স্লোগান সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবদুস সামাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ শেখ মুজিবুর রহমান। বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইনামুল হক বিশ্বাস, মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম, অধ্যক্ষ আবদুল ওয়াহেদ, পুলিশ সুপার মনির উজ জামান প্রমুখ।ঝালকাঠি: সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে শোকযাত্রার আয়োজন করা হয়। শোকযাত্রার নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ।বাগেরহাট: সকালে শহরের রেল রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন। বাগেরহাট জেলা প্রশাসনের দুই দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোকযাত্রা, আলোচনা সভা প্রভৃতি। রাঙামাটি: সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষকসহ নানা বয়সের ও নানা পেশার মানুষের শোকযাত্রা শুরু হয়। পরে স্থানীয় পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন এ কে দেওয়ান, চিংকিউ রোয়াজা, কামাল উদ্দিন প্রমুখ।সিরাজগঞ্জ: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের নেতৃত্বে বেলকুচি উপজেলা সদরে একটি শোকযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন এবং ইফতারের পর খিচুড়ি বিতরণ করেন। সকালে সিরাজগঞ্জ শহরে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ছাত্র ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে শোকযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও আওয়ামী লীগের নেতারা।দিনাজপুর: প্রশাসনের উদ্যোগে শোকযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করে। দিনাজপুরের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক ঘটনাবলির ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে।ফেনী: সরকারি-বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, শোকযাত্রা, জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রামাণ্যচিত্র প্রদর্শন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অফিসে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেলে পৌর চত্বরে আলোচনা সভা, মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।পাবনা: সকালে শহরের শেখ রাসেল শিশুপার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদির। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ও পাবনা ড্রামা সার্কেল দিবসটি পালন করে।নোয়াখালী: ভোরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখাসহ কালো পতাকা উত্তোলন করা হয়। পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ একরামুল করীম চৌধুরী।ভোলা: কবি মোজাম্মেল হক টাউন হলে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম, পুলিশ সুপার বশির আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের, সাধারণ সম্পাদক আবদুল মমিন, অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল প্রমুখ। নীলফামারী: জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিল্লুর রহমান। সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিশু একাডেমী।পঞ্চগড়: জেলা প্রশাসক বনমালী ভৌমিকের নেতৃত্বে শোকযাত্রায় উপস্থিত ছিলেন সাংসদ মজাহারুল হক প্রধান ও নুরুল ইসলাম। পরে স্থানীয় মিলনায়তনে আলোচনা সভায় পুলিশ সুপার শাহারিয়ার রহমান, মুক্তিযোদ্ধা ও কমিশনার আবদুল কাদের, এ টি এম সারোয়ার হোসেন, জাসদ নেতা আবদুল মজিদ বাবুল প্রমুখ বক্তব্য দেন। নারায়ণগঞ্জ: সকালে শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, রক্তদান কর্মসূচি, জেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেলে গরিব ও দুস্থদের জন্য ইফতার ও কাঙালিভোজের আয়োজন করা হয়।মানিকগঞ্জ: সাভারের গণবিশ্ববিদ্যালয় মিলনায়তনে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মাহমুদ শাহ কোরেশী, মোহাম্মদ শহীদুল্লাহ, মীর মুর্ত্তজা আলী, লায়লা পারভীন বানু, আনোয়ার হোসেন প্রমুখ। সুনামগঞ্জ: সকাল ১০টায় সুনামগঞ্জ কালেক্টরেট ভবন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, চেম্বার অব কমার্স ও সরকারি মহিলা কলেজ। পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা অনুষ্ঠিত হয়।