খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনম্র শ্রদ্ধা, শোক আর হূদয় নিংড়ানো ভালোবাসায় জাতি মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে। একই সঙ্গে লাখো কণ্ঠে ধ্বনিত হয়েছে পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি।বঙ্গবন্ধুর ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধি কমপ্লেক্স ঘিরে সব শ্রেণী-পেশার মানুষের ঢল নামে। ফুলে ফুলে শোভিত হয়ে যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আবালবৃদ্ধবনিতা শ্রদ্ধা জানায় স্বাধীনতার মহানায়ককে।শিশু অপূর্ব আরেফিনকে হাতে একটি লাল গোলাপ নিয়ে ধানমন্ডির লেকের পাড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একপর্যায়ে শ্রদ্ধাবনতচিত্তে সে গোলাপের পাপড়ি ছিটিয়ে দেয় বেদিমূলে বিশেষভাবে রাখা পানির ধারায়। কেন এসেছ—জানতে চাইলে সে বলে, ‘বঙ্গবন্ধু দাদুকে শ্রদ্ধা জানাতে এসেছি।’জাতীয় শোক দিবস গতকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়। দিবসটি উপলক্ষে ঢাকা ও টুঙ্গিপাড়াসহ সারা দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে মোনাজাত করা হয়। এ ছাড়া অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করে। এসব সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, াংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সম্মিলিত বঙ্গবন্ধু সমর্থক জোট, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ ও বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ।