
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে বাগাড়ম্বর যতটা হয়েছে, অগ্রগতি সেই তুলনায় শূন্য। যে দুজনের অবস্থান জানা গেছে, তাঁদের ফেরানোর প্রক্রিয়া আটকে আছে কূটনীতি এবং আইনগত বাধার জটে। অথচ এ জন্য রয়েছে বিশেষ টাস্কফোর্স। নিয়োগ করা হয়েছে বিদেশি আইনি পরামর্শক। আর কর্মকর্তাদের বিদেশ সফরেরও কমতি নেই।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অব্যাহত অনুরোধের পরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় খুনির দুজনকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না কানাডা ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও অটোয়ায় কর্মরত বাংলাদেশের একাধিক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর কাছে সম্প্রতি স্বীকার করেছেন যে কানাডায় অবস্থানরত এস এইচ বি এম নূর চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত এ এম রাশেদ চৌধুরীকে দেশে ফেরত নেওয়ার ব্যাপারে উদ্যোগের তুলনায় বাগাড়ম্বর হয়েছে অনেক বেশি।
এদিকে বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে আইনমন্ত্রীর নেতৃত্বাধীন একটি টাস্কফোর্স থাকলেও বছরজুড়ে এটির কোনো কার্যক্রম দৃশ্যমান নয়। তিন মাস পর পর বৈঠক করার কথা থাকলেও তা নিয়মিতভাবে হয় না। শুধু ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘনিয়ে এলে তড়িঘড়ি করে বৈঠক করা হয়। তবে গতকাল বৃহস্পতিবার ওই টাস্কফোর্সের বৈঠক হওয়ার কথা থাকলেও দুজন মন্ত্রীর অনুপস্থিতির কারণে শেষ পর্যন্ত আন্তমন্ত্রণালয় বৈঠকটি হয়নি।
কানাডায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার ইয়াকুব আলী সম্প্রতি প্রথম আলোকে জানান, কানাডায় অবস্থানরত এস এইচ বি এম নূর চৌধুরীকে যে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব নয়, সেটি স্পষ্ট করেই তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে জানিয়ে দিয়েছিলেন কানাডার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লরেন্স ক্যানন। ২০১০ সালের ৩১ মে লেখা এক চিঠিতে তিনি এ কথা জানান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আকরামুল কাদের গতকাল প্রথম আলোকে বলেন, এ এম রাশেদ চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের পাশাপাশি হোমল্যান্ড অ্যান্ড বর্ডার সিকিউরিটি এবং ইন্টারপোলের সঙ্গে গত পাঁচ বছরে দফায় দফায় যোগাযোগ করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে এসে এসব দপ্তরের কর্মকর্তারা শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন। এমনকি তাঁর অবস্থান তাঁদের জানা নেই—এ যুক্তি দেখিয়ে এসব কর্মকর্তা আপাতত বিষয়টি স্থগিত রাখারও মত দেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে (২০০৯-১৩) বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরানোবিষয়ক টাস্কফোর্সের সভাপতি ছিলেন তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ। খুনিদের ফেরাতে গত পাঁচ বছরে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, গত বুধবার বিকেলে তাঁর কাছে এ বিষয়ে জানতে চাইলে শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কানাডা ও যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানানো হয়েছিল। তবে এ নিয়ে সর্বশেষ অগ্রগতি কী, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলে তিনি এই প্রতিবেদককে পরামর্শ দেন।
নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে দেশে ফেরানোর ব্যাপারে কোনো অগ্রগতি আছে কি না, তা বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি এ প্রতিবেদকের কাছে স্বীকার করেন, এ ব্যাপারে এ পর্যন্ত কোনো অগ্রগতি নেই। পাশাপাশি তিনি উল্লেখ করেন, তাঁদের ফেরত পাঠাতে দুই দেশকেই পুনরায় অনুরোধ জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, খুনিদের ফেরত আনতে কানাডা ও যুক্তরাষ্ট্রে যে বাংলাদেশ সরকারের পক্ষে আইনি পরামর্শক সংস্থা নিয়োগ করেও কোনো ফলপ্রসূ কিছু হয়নি। কারণ, কার সঙ্গে যোগাযোগ করতে হবে কিংবা আনুষ্ঠানিক অনুরোধের সময় কোন কোন বিষয় উল্লেখ করতে হবে—এসব পরামর্শ ছাড়া আর কোনো ভূমিকা রাখেনি এসব পরামর্শক সংস্থা। রাশেদ চৌধুরীকে ফেরানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হলে একপর্যায়ে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁর অবস্থান তাদের জানা নেই। বাংলাদেশের পক্ষ থেকে তখন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলা হয়, তিনি ইলিনয় অঙ্গরাজ্যে আছেন। অন্তত ২০১৩ সাল পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করতেন। পরে অবশ্য তিনি পর্যায়ক্রমে লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন জায়গায় ঘন ঘন অবস্থান বদল করেছেন। সর্বশেষ যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তবর্তী বাফোলো এলাকায় তাঁকে দেখা গেছে।
অন্যদিকে, রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন খারিজ হওয়ার পাশাপাশি পরবর্তী সবগুলো ধাপে কানাডা থাকার আইনি সুযোগ প্রত্যাখ্যাত হয়েছে নূর চৌধুরীর। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতিও শুরু করেছিল কানাডার বহির্গমন বিভাগ। শেষ মুহূর্তে তাঁর আইনজীবী কানাডার নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক মন্ত্রীর কাছে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে ফিরে গেলে নূর চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ফলে কানাডার আইন আর সুপ্রিম কোর্টের নির্দেশনার কারণে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে পিছু হটেছে দেশটি।
এদিকে টাস্কফোর্সের কার্যক্রম বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘টাস্কফোর্স শিগগিরই বসবে। সরকার খুনিদের ফিরিয়ে আনতে যথেষ্ট আন্তরিক। কিন্তু আমাদের স্রোতের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যেমন কানাডায় পালিয়ে থাকা খুনি নূর চৌধুরীকে ফেরত চাওয়া হলে কানাডার সরকার জানিয়েছে, তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এ ছাড়া খুনিদের ফিরিয়ে আনার সঙ্গে জাতীয় নিরাপত্তার প্রসঙ্গটিও গুরুত্বপূর্ণ। এ জন্য অত্যন্ত²গোপনীয়তার সঙ্গে কাজ করতে হচ্ছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ দুজন ছাড়া বঙ্গবন্ধুর অন্য চার খুনির ব্যাপারে সরকারের কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই বলে জানা গেছে। অবশ্য সরকার দাবি করে থাকে, আবদুল মাজেদ ও মোসলেম উদ্দিন ভারতে আত্মগোপন করছেন। এ তথ্যের ভিত্তিতে ভারতের কাছে এ দুজনকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।
অসমর্থিত সূত্রে জানা গেছে, খন্দকার আবদুর রশিদ অবস্থান করেন মূলত লিবিয়ার বেনগাজি শহর ও পাকিস্তানে। আর শরিফুল হক ডালিমের ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ড কেনিয়াকে কেন্দ্র করে পরিচালিত হলেও তিনি মাঝেমধ্যে লিবিয়া ও ইউরোপে যান।