খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজ আলম সজীবের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিক্ষোভ করা হয় l প্রথম আলো
মাহফুজ আলম সজীবের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিক্ষোভ করা হয় l প্রথম আলো

চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজ আলমের অপহরণ ও খুনের প্রতিবাদে দামুড়হুদা উপজেলায় কালো ব্যাজ ধারণ, মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। দামুড়হুদাবাসী, যুব ও ছাত্রসমাজের ব্যানারে গতকাল রোববার সকালে এ কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টার দিকে উপজেলা শহরের ব্রিজমোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। কর্মসূচি থেকে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়। এ ছাড়া উপজেলা সদরে ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম, বাজার কমিটির সদস্য আবদুল হাকিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, নতিপোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক, নিহত মাহফুজ আলমের বোন সোনিয়া খাতুন প্রমুখ বক্তব্য দেন।

মাহফুজ আলম সজীব
মাহফুজ আলম সজীব

বক্তারা বলেন, মাহফুজকে অপহরণ ও খুনে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। এ নিয়ে টালবাহানা করা চলবে না। অপরাধীরা যেন আইনের ফাঁক গলে বের হতে না পারে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে আর কাউকে এমন পরিণতি ভোগ করতে হবে না।
গত ২৯ জুলাই দামুড়হুদা শহরের দশমীপাড়ার হাবিবুর রহমানের ছেলে মাহফুজ আলম উপজেলা পরিষদ চত্বরের বৃক্ষমেলায় গিয়ে নিখোঁজ হয়। ৩১ আগস্ট চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার একটি চার্জার লাইট কারখানার শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। ওই দিনই মাহফুজ আলমের মামা আবদুল হালিম কারখানার মালিক রাকিবুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত ছয় আসামিকে গত পাঁচ দিনেও গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ-প্রধান আসামির শ্বশুর কোরবান আলী, শাশুড়ি জুলেখা খাতুন ও শ্যালক মতিয়ার রহমানকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।