খুনিদের বিচার সম্পন্ন করার প্রত্যয়ে পালিত হলো জেলহত্যা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাকারীদের বিচার সম্পন্ন করার মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার প্রত্যয়ের মধ্য দিয়ে গতকাল শনিবার পালিত হয়েছে জেলহত্যা দিবস। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক গোষ্ঠী নানা কর্মসূচি পালন করে। সকালে আওয়ামী লীগের নেতারা প্রথমে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দলীয় নেতারা বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিল আওয়ামী লীগের আলোচনা সভা। আলোচনা সভা: বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এই সরকারের আমলেই জেলহত্যার বিচার সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বিএনপি বঙ্গবন্ধু ও জেলহত্যার দায় এড়াতে পারে না। জেলহত্যার বিচার শিগগিরই সম্পন্ন করা হবে। দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর পরাজিত শক্তি দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে পরিকল্পিতভাবে কাজ করেছে। জেলহত্যা সেই ষড়যন্ত্রেরই অংশ।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘অনেকেই জাতীয় ঐক্যের কথা বলেন। ঐক্য তো ১৯৭১ সালে হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সেই ঐক্য বিনষ্ট করা হয়েছে।’ বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ভারত সফরের দিকে ইঙ্গিত করে সৈয়দ আশরাফ বলেন, একটি গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলের সঙ্গে অন্য দেশের রাজনৈতিক দলের সম্পর্ক থাকতে পারে। দেশের সঙ্গে যেমন দেশের সম্পর্ক হয়, তেমনি দলের সঙ্গে দলের সম্পর্ক হয়। বঙ্গবন্ধুর আমল থেকেই আওয়ামী লীগ বিভিন্ন দেশের রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। সৈয়দ আশরাফ বলেন, ‘এই কথাগুলো বলেছি একটা প্রেক্ষাপট থেকে। কয়েক দিনের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই প্রেক্ষাপট জানানো হবে।’সভায় জেলহত্যার শিকার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সাংসদ সিমিন হোসেন রিমি ও মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম ৩ নভেম্বরের আগে-পরের দুঃসহ স্মৃতি তুলে ধরেন। সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ। কেন্দ্রীয় কারাগারে শ্রদ্ধা নিবেদন: জেলহত্যার শিকার জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সৈয়দ নজরুল ইসলামের ছেলে সাফায়াতুল ইসলাম তাঁদের সঙ্গে ছিলেন। তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তাঁরা চার নেতার স্মরণে নির্মিত স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ও মিলাদে অংশ নেন।মিলাদ অনুষ্ঠান থেকে বেরিয়ে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, জাতীয় চার নেতা হত্যা মামলা বিলম্বিত ও হত্যার আলামত নষ্টের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে এ মামলায় মনোযোগ দেয়নি। এ কারণে এর পূর্ণাঙ্গ বিচার হয়নি।নিহত সৈয়দ নজরুল ইসলামের ছেলে সাফায়াতুল ইসলাম আশা প্রকাশ করেন, আপিল বিভাগ জেলহত্যা মামলার নিম্ন আদালতের রায়ই বহাল রাখবেন। দলের শ্রদ্ধা নিবেদন: সকাল সাতটায় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতারা। এরপর সকাল আটটায় বনানী কবরস্থানে কেন্দ্রীয় নেতারা ১৫ আগস্টের হত্যাকাণ্ডে নিহত ও জেলহত্যার শিকার নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নেতারা জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এরপর আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বনানী কবরস্থানসংলগ্ন মসজিদে পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া গণফোরাম ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক তাঁর চার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে ঘটনার দীর্ঘ ২১ বছর পর এ হত্যার বিচার-প্রক্রিয়া শুরু হয়।