নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের সংগঠক রফিউর রাব্বির সন্তান তানভীর মুহাম্মদ ত্বকীর খুনিদের বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের প্রেসক্লাব চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা-কর্মী, সংস্কৃতিকর্মী, বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি এবং গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের নেতারা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে সমাবেশ থেকে জানানো হয়। বক্তারা বলেন, নারায়ণগঞ্জে সন্ত্রাসী, গডফাদার ও মাফিয়া চক্রের ত্রাসের রাজত্ব নির্মূল না হলে সেখানে হত্যা বন্ধ হবে না। তানভীর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার নিয়ে পুলিশের গড়িমসিতে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাঁরা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, নারীনেত্রী নূরজাহান খান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চবি নৃবিজ্ঞান বিভাগের সভাপতি সাদাফ নুরে ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর জহির উদ্দিন চৌধুরী, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্যসচিব চন্দন দাশ, সমন্বয়ক শরিফ চৌহান, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান প্রমুখ।