খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেএমইএর সাবেক নেতা শাব্বির আলম হত্যার বিচারের দাবিতে গতকাল নারায়ণগঞ্জে শোক র‍্যালি করা হয় l ছবি: প্রথম আলো
বিকেএমইএর সাবেক নেতা শাব্বির আলম হত্যার বিচারের দাবিতে গতকাল নারায়ণগঞ্জে শোক র‍্যালি করা হয় l ছবি: প্রথম আলো

নিট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর সাবেক সহসভাপতি শাব্বির আলম খন্দকার হত্যার ১৪ বছর পূর্তিতে গতকাল শনিবার নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানানো হয়।
সকাল ১০টার দিকে শহীদ শাব্বির আলম খন্দকার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি শোক র্যালি বের করা হয়। এরপর বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান। বক্তব্য দেন শাব্বির আলমের বড় ভাই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা প্রমুখ।
সমাবেশে তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমার ভাইকে কোনো ব্যক্তিগত কারণে হত্যা করা হয়নি। শুধু সমাজসেবায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে তাঁকে হত্যা করা হয়েছে। আমার ভাই আইনশৃঙ্খলা মিটিংয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের নাম উল্লেখ করে এবং তারা (চাঁদাবাজ) কে কত টাকা পায় এসব বলেছিল। আজও আমার ভাইয়ের হত্যার বিচার পাইনি। শুধু টাকার কাছে হেরে গেছি। হত্যাকারীরা টাকা দিয়ে ত্রুটিপূর্ণ চার্জশিট করিয়েছে। তাই আজও বিচার পাইনি। খুনিরা আবারও ঢাকায় ফিরে খুন করার হুমকি দিচ্ছে।’
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০০২ সালের ২২ অক্টোবর নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদা ও মাদকমুক্ত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত জেলার ৩২টি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভায় সাব্বির আলম খন্দকার ‘আমার জানাজায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বক্তব্য শুরু করছি’ বলে নারায়ণগঞ্জের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নাম, ঠিকানা ও তাদের গডফাদারদের নাম প্রকাশ করেন। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন তিনি। তখন সাব্বিরের তৎপরতায় ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের হাতে জিম্মি গার্মেন্টস ব্যবসায়ী, চুন ফ্যাক্টরি ও নারায়ণগঞ্জবাসী নিস্তার পায়। চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা কোণঠাসা হয়ে পড়লে তাদের গডফাদারদের ষড়যন্ত্রে সন্ত্রাসী ও চাঁদাবাজরা ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি সাব্বির আলম খন্দকারকে গুলি করে হত্যা করে। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় মামলা দায়ের থেকে শুরু করে তদন্ত—সব পর্যায়ে অবৈধ হস্তক্ষেপ করে তারা।