খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারুফ হাসানের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল দুপুরে মানববন্ধন করেন তার স্বজন ও এলাকাবাসী l ছবি: প্রথম আলো
মারুফ হাসানের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল দুপুরে মানববন্ধন করেন তার স্বজন ও এলাকাবাসী l ছবি: প্রথম আলো

মানিকগঞ্জে মারুফ হাসান ওরফে নয়ন হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শহীদ রফিক সড়কে সচেতন নাগরিক সমাজের ব্যানারে নিহত মারুফ হাসানের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
এজাহার ও নিহত মারুফ হাসানের পরিবার সূত্রে জানা গেছে, ২০১২ সালে মানিকগঞ্জ পৌর এলাকার শাইলীপাড়া গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে মারুফ হাসান জেলা শহরের মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। ২০১৩ সালের ২৬ নভেম্বর একটি মুঠোফোন চুরির অভিযোগ এনে মারুফের বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন পাশের গ্রামের হৃদয় হোসেন ও রাকিব হোসেন। এরপর হৃদয় ও রাকিব পালিয়ে যান। ওই দিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মারুফ। এ ঘটনায় হৃদয় ও রাকিবকে আসামি করে সদর থানায় মামলা করেন মারুফের চাচা ফরিদ আল-মাহমুদ। এরপর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৪ সালের ২৪ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১১ জনকে সাক্ষী করা হয়। পরে আসামিরা জামিনে মুক্তি পান।
গতকাল মানববন্ধন চলাকালে মামলার বাদী অভিযোগ করেন, প্রায় এক বছর আগে হৃদয় জামিনে বের হন। এরপর থেকে মামলা তুলে নিতে তাঁকে ও মারুফের মাসহ পরিবারের লোকজনকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন হৃদয়। এ বছরের ২৮ মার্চ মামলার শুনানির দিন হৃদয় তাঁকে হত্যার হুমকিও দেন। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মারুফের মা নাসরিন আক্তার বলেন, ‘আমি সন্তান হারাইছি, আমার বুক খালি হইছে। আমি আমার সন্তানের খুনিদের ফাঁসি চাই। এতে কিছুটা হলেও আমি শান্তি পামু।’