ছাত্র খুনের ঘটনার পাঁচ দিন পর গতকাল সোমবার খুলেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। ব্যবসায় প্রশাসন অনুষদ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য পাঁচটি অনুষদে শ্রেণি কার্যক্রম চলেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল প্রায় স্বাভাবিক। ক্যাম্পাসে ছাত্র খুনের মতো ঘটনা আর যাতে না ঘটে, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই দাবিতে মানববন্ধনও করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবসায় প্রশাসন) ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে গত ২৯ মার্চ দুপুরে ওয়াসা ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয় নাসিম আহমেদ ওরফে সোহেলকে (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ও নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগতরা প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও ওয়াসা ক্যাম্পাসে ভাঙচুর চালান। ওই দিনই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
নাসিম আহমেদের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা। এতে বিবিএ ও এমবিএর বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলে। এ সময় অনেক শিক্ষার্থীর হাতে সোহেল হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড ও পোস্টার ছিল। এর কোনোটিতে লেখা ছিল ‘এ কেমন বন্ধুত্ব! সোহেল হত্যার বিচার চাই’, ‘ছাত্ররাজনীতি বন্ধ কর, সোহেল হত্যার বিচার কর’, ‘সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই, সোহেল হত্যার বিচার চাই’, ‘শিক্ষাকেন্দ্রে সন্ত্রাস বন্ধ হোক, সোহেল হত্যার বিচার হোক’, ‘খুনিরা এখন ধরাছোঁয়ার বাইরে কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমরা রাজনীতি বুঝি না, আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার চাই’ ইত্যাদি।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী সামির সাকিব চৌধুরী, ইফতেখার উদ্দিন ও মুন্না আজাদ প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসের ভেতরে নাসিম খুনের ঘটনায় তাঁরা আতঙ্কিত। সবার মধ্যে ভীতি কাজ করছে। এখনো মূল আসামি সোহানকে গ্রেপ্তার করা হয়নি। নাসিমের হত্যার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে। নাসিম হত্যার বিচার চেয়ে কাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানান তাঁরা।
গতকাল দুপুরে প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারে গিয়ে দেখা যায়, কিছু শিক্ষার্থী সেখানে বসে পড়াশোনা করছেন। পাশের প্রকৌশল অনুষদ ক্যাম্পাসে নিজ নিজ বিভাগের সামনে অনেক শিক্ষার্থীকে আড্ডা দিতে দেখা যায়।
তড়িৎকৌশল বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে ছাত্র হত্যার ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। এর দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। একই বিভাগের শিক্ষার্থী মো. আমিরুল ইসলাম বলেন, ৬প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে অতীতে কখনো এ ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেনি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, নাসিম হত্যা মামলার পলাতক আসামি ইব্রাহিম সোহানসহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।