খুনিদের শাস্তির দাবিতে পিসিপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি শহরে কলেজছাত্রী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
গত সোমবার রাত ১০টার দিকে খাগড়াছড়ি শহরের শান্তিনগরের আরামবাগ এলাকায় ইতি চাকমা নামের এক কলেজছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়। ইতি চাকমা খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
ইতি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সকালে পিসিপির খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ ও খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নেতা-কর্মীরা নিজ নিজ প্রতিষ্ঠানের ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলগুলো শহরের মহাজনপাড়া সূর্য শিক্ষা ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি তপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক চৈতালি চাকমা ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখার সদস্য রনেল চাকমা।
সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক জেসীম চাকমা। সভা সঞ্চালনা করেন খাগড়াছড়ি মহিলা কলেজ শাখার আহ্বায়ক উক্রাচিং মারমা। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জেএসএস-সমর্থিত (এমএন লারমা) পিসিপির খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি সন্তোষ চাকমা ও খাগড়াছড়ি মহিলা কলেজের ছাত্রী সাদিয়া আক্তার।
সভায় বক্তারা বলেন, কলেজছাত্রী ইতি চাকমার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি পার্বত্য চট্টগ্রামে অতীতে সংঘটিত অপহরণ, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ধারাবাহিকতা। পার্বত্য চট্টগ্রামে অতীতে সংঘটিত বিভিন্ন অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় বারবার এমন ঘটনা ঘটছে।
বক্তারা বলেন, ৩০ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও ইতির খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি। এ কারণে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা পার পেয়ে যাবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
বক্তারা অবিলম্বে ইতি চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাঙামাটিতে মানববন্ধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে নারী নির্যাতন বাড়ছে। খাগড়াছড়ির কলেজছাত্রী ইতি চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল রাঙামাটিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
সকালে রাঙামাটি সরকারি কলেজ ফটকে জনসংহতি সমিতির সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সংগঠন দুটির রাঙামাটি সরকারি কলেজ শাখা আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন ত্রিপুরা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শরৎজ্যোতি চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি শাখার সাধারণ সম্পাদক মিশু দে, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটির সহসাধারণ সম্পাদক সুমিত্র চাকমা ও কলেজ শাখার সদস্য নান্টু চাকমা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি আশিকা চাকমা।
বক্তারা অভিযোগ করেন, খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্রে কলেজছাত্রী ইতি চাকমাকে হত্যা করা হয়েছে। তিন দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, অথচ এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি।
বক্তারা ইতি চাকমার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চট্টগ্রামে বিক্ষোভ
খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী ইতি চাকমার হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের মহানগর শাখার উদ্যোগে নগরের চেরাগি পাহাড় মোড়ে সমাবেশ হয়। সমাবেশের আগে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগি পাহাড় মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।
ছাত্রনেতা অঙ্কন চাকমার সঞ্চালনায় ও গণতান্ত্রিক যুব ফোরামের নগর সভাপতি শুভ চাকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুনয়ন চাকমা, নগর শাখার সাধারণ সম্পাদক জিকো চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও প্রচার সম্পাদক রূপন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নগর শাখার সাংগঠনিক সম্পাদক সুকৃতি চাকমা।
বক্তারা বলেন, সাম্প্রতিককালে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ইতি চাকমাকে প্রাণ হারাতে হয়েছে। বক্তারা অবিলম্বে ইতি হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন