রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী নারী মরিয়ম মুর্মু হত্যা মামলার আরও দুই আসামি গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা বলেছেন, জমিজমা নিয়ে বিরোধের কারণে মরিয়মের পরিবারকে শায়েস্তা করার জন্য ১০ হাজার টাকার চুক্তিতে তাঁর (মরিয়মের) খালাতো ভাই আন্দ্রিয়াস মুর্মু খুনিদের তাঁর বাড়িতে পাঠিয়েছিলেন। রাজশাহীর অতিরিক্ত বিচারিক হাকিম আদালতে গতকাল সন্ধ্যায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন আন্দ্রিয়াস মুর্মু ও নিহত মরিয়মের প্রতিবেশী শওকত ইকবাল। বিচারক রেজাউল করিম জবানবন্দি রেকর্ড করেন। এর আগে ১৪ জুলাই অমর কিস্কু (১৯) ও জোহান মারান্ডি (৩০) মরিয়মকে ধর্ষণ ও হত্যা করে বিবস্ত্র লাশ গাছে ঝুলিয়ে রাখার কথা আদালতে স্বীকার করে জবানবন্দি দেন।আদালত সূত্রে জানা গেছে, আন্দ্রিয়াস জবানবন্দিতে বলেছেন, খুন বা ধর্ষণ করার জন্য নয়, চুক্তি অনুযায়ী মরিয়মের বাড়ি থেকে নগদ টাকাপয়সা ও মালামাল চুরি করে নিয়ে আসার কথা ছিল। এ জন্য শওকত ইকবালকে তিনি ১০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু তাঁরা সেখানে গিয়ে মরিয়মকে ধর্ষণ ও হত্যা করবেন, এটা তিনি জানতেন না।আদালত সূত্র আরও জানায়, শওকত ইকবালও জবানবন্দিতে ১০ হাজার টাকা চুক্তিতে মরিয়মের বাড়িতে চুরি করতে যাওয়ার কথা স্বীকার করেন।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। বিবস্ত্র অবস্থায় গাছে বেঁধে রাখা মরিয়ম মুর্মুর লাশ ১০ জুলাই সকালে উদ্ধার করা হয়। মরিয়ম সিমলা দিঘিপাড়া গ্রামের একটি বয়স্ক-শিক্ষা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এ ঘটনায় তাঁর ছেলে ইউলসন একটি হত্যা মামলা করেন।