সাড়ে তিন বছর আগে চট্টগ্রাম নগরের সল্টগোলা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় পোশাকশ্রমিক মো. ইউসুফকে। পরিবারের দাবি, নয়জন মিলে খুন করেছে। কিন্তু থানা-পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পৃথক তদন্তে উঠে আসে চারজনের নাম। ফলে দুটি অভিযোগপত্রের বিরুদ্ধেই নারাজি দেয় পরিবার। আদালতের নির্দেশে এই মামলাটির এখন তৃতীয় দফা তদন্ত চলছে।
পরিবারের দাবির সঙ্গে খুনির সংখ্যার গরমিলের কারণে তদন্তে ঘুরপাক খাচ্ছে মামলাটি। বন্দর থানা-পুলিশ ১০ মাস ও সিআইডি ১ বছর ৭ মাস তদন্ত করে। এখন তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আনোয়ারুল ইসলাম মামলাটির বর্তমান তদন্ত কর্মকর্তা। তিনি প্রথম আলোকে বলেন, আগে দুই দফায় মামলাটির অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়েছেন নিহতের স্বজনেরা। এ জন্য গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
২০১৩ সালের ১ নভেম্বর রাত ৯টার দিকে নগরের বন্দর থানার সল্টগোলা রেলক্রসিংয়ের আজাদ কলোনির বালুর মাঠের পাশে হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরত্বে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন ইউসুফ। তাঁকে বাসা থেকে ফোন করে ডেকে আনা হয়। তিনি নগরের ইপিজেডে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। এই ঘটনায় নিহতের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। আসামি করা হয় মো. হারুন, মো. আলাউদ্দিন, মো. দুলাল, মো. টিপু, মো. প্রিন্স, রনজিত আচার্য্য, মো. সালাউদ্দিন, মো. শামীম ও মো. সাগরকে। এরপরই পুলিশ হারুন, আলাউদ্দিন ও টিপুকে গ্রেপ্তার করেছিল। আলাউদ্দিন ও টিপু এখন জামিনে আছেন। হারুন এই মামলায় জামিন পেলেও অন্য দুটি মামলায় কারাগারে রয়েছেন।
নিহত ইউসুফের মা হাসিনা বেগম প্রথম আলোকে বলেন, পুলিশ দুই দফা তদন্তে পাঁচজনকে বাদ দিয়ে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। অথচ নয় আসামি মিলে ইউসুফকে হত্যা করেছে। পুলিশের এই গাফিলতির জন্য সাড়ে তিন বছরেও ছেলে হত্যার তদন্ত এখনো শেষ হয়নি।
তদন্ত শেষে হত্যাকাণ্ডের পরের বছরের (২০১৪) ১৮ আগস্ট বন্দর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. শামীম শেখ আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র দেওয়া হয় হারুন, আলাউদ্দিন, দুলাল ও টিপুর বিরুদ্ধে। নিহতের মা পুলিশের দেওয়া এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করলে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত শুরু করে ২০১৫ সালের ১৮ মে।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মো. এনামুল হক খান চলতি বছরের (২০১৭) ২৮ জানুয়ারি আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন। এতে উল্লেখ করা হয়, নিহত ইউসুফ ও আসামি হারুনের গ্রামের বাড়ি একই এলাকায়। তাঁরা একে অপরজনের কাছ থেকে টাকা ধার নিতেন। এ ছাড়া আসামি দুলাল, আলাউদ্দিন পরস্পরের বন্ধু। তাঁরা বন্দর এলাকার একই জায়গায় বসবাস করায় ঘনিষ্ঠ ছিলেন। আসামি হারুন নিহত ইউসুফের কাছ থেকে ৫ হাজার টাকা পাওনার মধ্যে ৩ হাজার টাকা পরিশোধ করেন। এই টাকা চাওয়ার জের ধরে ইউসুফকে অন্য সহযোগীরা মিলে খুন করেন। সিআইডির অভিযোগপত্রেও আগের চারজনকেই অভিযুক্ত করা হয়। অব্যাহতির সুপারিশ করা হয় বাকি পাঁচজনকে।
নিহতের মা সিআইডির দেওয়া এই অভিযোগপত্রের বিরুদ্ধেও আদালতে চলতি বছরের ১৩ এপ্রিল নারাজির আবেদন করেন। শুনানি শেষে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে নিরাপত্তাহীনতা ও অভাবে দিন কাটছে ছেলেহারা হাসিনার। তিনি বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় ভয়ে ঘটনার পর তাঁরা সল্টগোলা এলাকার বাসা পরিবর্তন করে বর্তমানে স্টিলমিল এলাকায় বসবাস করছেন। তিনি ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত চান।