
বিজ্ঞান লেখক, ব্লগার অনন্ত বিজয় দাশের খুনিরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো। গত বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আন্দোলন ও মামলার তদন্তের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করা হয়। সেখানে নেতারা মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে স্থানান্তরকে সময়ক্ষেপণ বলে মন্তব্য করেন।
১২ মে কর্মস্থলে যাওয়ার পথে অনন্তকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার ১৩ দিন পরও খুনি শনাক্ত না হওয়ায় ২৫ মে সিআইডিতে হস্তান্তর করা হয় মামলার তদন্তভার।
বৃহস্পতিবার রাত আটটায় সিলেট নগরের নজরুল একাডেমি মিলনায়তনে জেলা সিপিবির সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা বলেন, হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তারের ব্যাপারে প্রশাসনের ভূমিকা রহস্যজনক। স্বাধীনতাবিরোধী ঘাতক জামায়াত-শিবিরচক্র ও তাঁদের মদদপুষ্ট নানা ধরনের সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী একের পর এক বিজ্ঞানমনস্ক লেখক সাহিত্যিকদের তালিকা তৈরি করে হত্যা করলেও চিহ্নিত মৌলবাদী জঙ্গি খুনিচক্রকে গ্রেপ্তারে সরকার ও প্রশাসন নীরব। সরকারের এ নীরবতা জনমানসে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে।
সভায় গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মো. আরশ আলী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ধীরেন সিংহ, জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, মহানগর গণফোরামের সভাপতি আনসার খান, মহানগর ন্যাপের সভাপতি মো. ইছহাক আলী, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, সিপিবির জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঐক্য ন্যাপের সুকেশ চন্দ্র দেব, বাসদ (মার্কসবাদী) সদস্য সুশান্ত সিনহা, জেলা সাম্যবাদী দলের ব্রজগোপাল দে চৌধুরীসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতারা বক্তব্য দেন।