বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার শোকসভায় সাংবাদিক নেতারা অবিলম্বে খুনিদের চিহ্নিত, গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাবে ডিইউজে কার্যালয়ে আয়োজিত ওই শোকসভায় সাংবাদিকেরা এ হত্যাকাণ্ড নিয়ে যেন কোনো মহল সুযোগ দিতে না পারে এবং সাংবাদিকদের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্র সফল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। শোকসভায় সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি ওমর ফারুক, বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া। বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, সরকারই সাংবাদিক দম্পতির খুনিদের লালন করছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ওই সমাবেশে তিনি বলেন, ‘৪৮ ঘণ্টা পেরোনোর পর সরকার বুঝতে পেরেছে, তাদের লোক জড়িত। তাই সরকার এখন আর হত্যাকারীদের নাম বলতে পারছে না।’প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি এবং প্রগতিশীল সাংবাদিক সংঘ সাংবাদিক দম্পতির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছে। ‘হত্যার সঙ্গে রাঘববোয়ালেরা জড়িত’: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী দাবি করেছেন, সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার নেপথ্যে রাঘববোয়ালেরা জড়িত। এর রহস্য উদ্ঘাটিত হলে সরকারের মুখোশ উন্মোচিত হবে। বিকেলে লালবাগের কার্যালয়ে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে আসা আলেম ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতারা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।