খুনিরা গ্রেপ্তার না হওয়ায় সুরঞ্জিতের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ছাত্রলীগের সাবেক নেতা জগৎজ্যোতি তালুকদারের খুনিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি সিলেটে এসে সংবাদ সম্মেলন করে এ ক্ষোভ প্রকাশ করেন। ২ মার্চ রাতে জামায়াত-শিবিরের একটি সশস্ত্র দল নগরের আখালিয়া এলাকায় জগৎজ্যোতিকে কুপিয়ে হত্যা করে। সুরঞ্জিত বলেন, ‘যারা শহীদ মিনার ভাঙল, জাতীয় পতাকা ছিঁড়ল, পরে আবার মানুষ খুন করল—তারা বহাল তবিয়তে আছে। জগৎজ্যোতি হত্যাকাণ্ডের এক সপ্তাহ পার হতে চলেছে কিন্তু কোনো খুনি গ্রেপ্তার হয়নি, এখানেই আমার ক্ষোভ।’ সিলেটের সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। শোক র‌্যালি: জগৎজ্যোতির খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সিলেট নগরে সম্মিলিত নাট্য পরিষদ শোক র‌্যালি করে প্রতিবাদ সমাবেশ করেছে। বিকেল চারটায় নগরের রিকাবীবাজারের মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোক র‌্যালি হয়। র‌্যালি শেষে সিলেটের নাট্য ও সংস্কৃতি অঙ্গনের কর্মীদের প্রতিবাদ সমাবেশ হয়।