খুনিরা ধরা না পড়ায় হতাশ বখতিয়ারের বাবা
রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর নিজেদের বাড়িতে বখতিয়ার মো. লতিফ খুন হওয়ার পর ১২ দিন কেটে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একমাত্র সন্তানকে হারিয়ে বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই হতাশ বখতিয়ারের পরিবার ও বন্ধুবান্ধবরা খুনিদের গ্রেপ্তারের দাবিতে ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন।
আজ বুধবার প্রথম আলো ডটকমকে জাহিদ আল লতিফ বলেন, ‘এখন পর্যন্ত আশ্বাসই পাচ্ছি যে আমার ছেলের খুনিরা শিগগিরই ধরা পড়বে। আমার তো আর কিছুই নেই। তাই এই আশ্বাসেই বেঁচে আছি। তবে আস্তে আস্তে হতাশা আমাকে গ্রাস করছে।’
১২ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর উত্তর যাত্রবাড়ীর বাড়িতে ঢুকে বাবা-মায়ের সামনে বখতিয়ারকে (২০) গুলি করে দুর্বৃত্তরা। তিনি ‘এ’ লেভেল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। দুর্বৃত্তরা এরপর চার ভরি স্বর্ণ নিয়ে যায়। এ ঘটনায় তাঁর বাবা জাহিদ আল লতিফ অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে পরের দিনই একটি মামলা করেন। মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ।
ডাকাতদের হাতে মারা গিয়েছিলেন বখতিয়ার—এমন ধারণাকে গুরুত্ব দিয়ে এই হত্যার তদন্তকাজ চলছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মঈনুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুতই কিছু জানা যাবে।’
নিহত বখতিয়ারের পরিবারের এক সদস্য জানান, তদন্তকাজ এগিয়েছে কি না, তাঁরা বুঝতে পারছেন না। তিনি জানান, ডিবি ছাড়াও র্যাবের সদস্যরা ২২ সেপ্টেম্বর তাঁদের বাসায় এসেছিলেন। এ ছাড়া গত সপ্তাহের শেষে ডিবির কর্মকর্তারা বখতিয়ারের বাবা ও বাসার গৃহকর্মী দুজনকে জিজ্ঞাসা করেছিলেন। তা ছাড়া সম্ভাব্য দুজন প্রত্যক্ষদর্শীকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
বখতিয়ারের ফুপু বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের বার্তা সম্পাদক শারমীন রিনভী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদেরও মনে হচ্ছে ডাকাতদের হাতেই বখতিয়ার মারা গেছে। কারণ দৃশ্যমান কোনো শক্র আমাদের নেই। কারও সঙ্গে আমাদের পরিবারের কোনো ধরনের বিরোধ নেই।’