খুনিরা ধরা পড়েনি তদন্ত নিয়ে অসন্তুষ্ট পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরেও বিজ্ঞানবিষয়ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের কিনারা হয়নি। গ্রেপ্তার হয়নি প্রকৃত খুনিরা।
আজ শুক্রবার এ হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে। মামলার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অভিজিতের পরিবার। তবে পুলিশ বলেছে, ৯-১০ জনকে শনাক্ত করা হয়েছে। তারা শিগগিরই ধরা পড়বে।
গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে অভিজিৎ রায়কে হত্যা এবং তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে গুরুতর আহত করে। তাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিক। অভিজিৎ সফটওয়্যার প্রকৌশলী ছিলেন, রাফিদা চিকিৎসক।
এই হত্যা মামলা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, অভিজিৎ হত্যায় যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম জড়িত, সে ব্যাপারে তথ্য-প্রমাণ মিলেছে। তবে সংগঠনটির যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নিয়ে এবং টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করে তাঁদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। এঁরা হলেন শফিউর রহমান ফারাবী, সাবেজ আলী, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান, মো. আবুল বাশার, সাদেক আলিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান। তাঁরা কারাগারে রয়েছেন।
সূত্র বলেছে, আনসারুল্লাহ বাংলা টিম খুন করার জন্য যে আটজন ব্লগারের তালিকা করেছিল, তাঁদের একজন ছিলেন অভিজিৎ। তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই হত্যাকাণ্ডস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ নিয়ে যুক্তরাষ্ট্রে পরীক্ষা করিয়েছে। শিগগিরই ডিবি ওই প্রতিবেদন পাবে। কারাগারে আটক আটজনেরও ডিএনএ পরীক্ষা করা হবে। যুক্তরাষ্ট্র থেকে প্রতিবেদন পাওয়া গেলে তা এই আটজনের ডিএনএর সঙ্গে মিলিয়ে হত্যাকারী বের করার চেষ্টা করা হবে।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, অনেকের সামনে ঘটলেও অভিজিৎ হত্যাকাণ্ডের সূত্র ছিল না। তবু এ হত্যার ঘটনায় ৯-১০ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সরাসরি তিনজন অংশ নিয়েছেন। বাকি ছয়-সাতজন ঘটনাস্থলের আশপাশে ছিলেন। এঁরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এঁদের জড়িত থাকার বিষয়ে ডিবির কাছে তথ্য-প্রমাণ রয়েছে। তাঁরা নজরদারিতে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব শিগগির তাঁরা ধরা পড়বেন এবং হত্যা-রহস্য উদ্ঘাটিত হবে। তিনি বলেন, অভিজিৎ হত্যা ছিল সুপরিকল্পিত। যাঁরা এ হত্যাকাণ্ডে জড়িত, তাঁরা সবাই শিক্ষিত ও সুপ্রশিক্ষিত। এ ধরনের খুনিদের ধরতে সময় লাগে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, কারাগারে থাকা আটজনের মধ্যে ফারাবীসহ দুজন হত্যায় প্ররোচনা দেওয়ার কথা জানিয়েছেন। যে ৯-১০ জনকে শনাক্ত করা হয়েছে, তাঁদের সঙ্গে কারাগারে থাকা বাকি ছয়জনের চেহারার মিল নেই।
অসন্তুষ্ট অভিজিতের পরিবার: এক বছরেও প্রকৃত খুনিরা ধরা না পড়ায় তদন্ত নিয়ে অভিজিতের পরিবার অসন্তোষ প্রকাশ করেছে। অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘তদন্ত নিয়ে পরিবারের ও আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই। অপরাধীদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না পর্যন্ত তদন্ত নিয়ে সন্তুষ্ট হওয়ার কথা নয়। তারা মূল খুনি ধরতে পারেনি।’
অজয় রায় বলেন, ডিবি পুলিশ তাঁকে আশ্বস্ত করেছে যে তারা খুনিদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে। তারা দেশেই আছে, অথচ ধরতে পারছে না। এর মানে কী, তিনি জানেন না। তিনি বলেন, অভিজিতের বইয়ের প্রকাশক নিহত ফয়সল আরেফিন দীপনের জাগৃতি প্রকাশনী থেকে অভিজিৎকে নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। আজ সেটি শাহবাগের আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে দেখানো হবে। পরিবারের পক্ষ থেকে আজ কোনো কর্মসূচি নেই।
গণজাগরণ মঞ্চের কর্মসূচি: গতকাল গণজাগরণ মঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিজিৎ রায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ ও হত্যাকারীদের বিচারের দাবিতে আজ বেলা আড়াইটায় টিএসসির অভিজিৎ চত্বরে শ্রদ্ধা নিবেদন, বিকেল চারটায় শাহবাগের প্রজন্ম চত্বরে ‘মুক্তচিন্তায় আঘাত, ভবিষ্যতে বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা হবে। এ ছাড়া সন্ধ্যায় প্রজন্ম চত্বর থেকে অভিজিৎ চত্বর অভিমুখে আলোর মিছিল ও অভিজিৎ রায় স্মরণে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করা হবে।